মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে সম্ভাব্য কোনো চুক্তি সম্পন্ন হলে সেটি স্বাক্ষরের জন্য তিনি পাকিস্তানে যেতে পারেন। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) লাস ভেগাস সফরে যাওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে একটি চুক্তি সম্পাদনের খুব কাছাকাছি অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। চুক্তি স্বাক্ষরের স্থান ইসলামাবাদ হলে সেখানে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি। তার ভাষায়, “আমি যেতে পারি, হ্যাঁ। যদি ইসলামাবাদে চুক্তি স্বাক্ষর হয়, তাহলে আমি সেখানে যেতে পারি।”
এর আগে গত সপ্তাহান্তে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। তবে সেই বৈঠকে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি বলে জানা গেছে।
হোয়াইট হাউস সূত্র জানিয়েছে, চুক্তি নিয়ে দ্বিতীয় দফার আলোচনার প্রস্তুতি চলছে এবং সেটিও পাকিস্তানে অনুষ্ঠিত হতে পারে। Bnc News-এর অনুসন্ধানে দেখা গেছে, আলোচনাগুলো এখনো প্রাথমিক পর্যায়ে থাকলেও কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে।
তথ্যসূত্র: এএফপি
সবশেষ খবর সবার আগে পেতে Bnc news-এর সাথেই থাকুন। নিয়মিত আপডেট পেতে আমাদের bncbd.com ভিজিট করুন।
